চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
তিন হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় নগরের পাহাড়তলির ডিটি সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। এ ছাড়া গতকাল শনিবার ভোরে নগরের ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে পুলিশ আরও ৮০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম রাশেদুজ্জামান। সে যশোরের সদর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে সে যশোরে বাজারজাত করে আসছিল। তার বিরুদ্ধে পাহাড়তলি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে আমরা রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করি। বিস্কুটের ভেতরে সে তিন হাজার ইয়াবা বড়ি লুকিয়ে রেখেছিল। বড়িগুলো কক্সবাজার থেকে সে নিয়ে আসে। চট্টগ্রামে রাত যাপনের পর তার যশোর চলে যাওয়ার কথা ছিল।’
গতকাল ভোরে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। তারা হলো শফিকুল ইসলাম ও রিয়াজ কাজী। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের গ্রামের বাড়ি ভোলায় বলে জানিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনই ইয়াবা বড়িগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ভোলায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এর আগেই আমাদের নিরাপত্তাচৌকিতে তারা ধরা পড়ে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’