চট্টগ্রামে পৃথক অভিযানে ১১ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুটি অভিযানে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে ও আগের দিন শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালানো হয়। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন টাইগারপাস এলাকায় ডাকাতির জন্য জড়ো হওয়া পাঁচ ব্যক্তিকে গতকাল রোববার বিকেল পাঁচটা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজন হলেন: মো. রহিম (১৮), মো. জসিম (২৫), আবুল হাশেম (২৪), শওকত হোসাইন (১৯) ও ইমরুল কবির (৩২)। গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, আটটি গুলি, পাঁচটি ছুরি, একটি স্কু ড্রাইভার, স্কচটেপ ও টর্চলাইট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ডাকাতির জন্য কয়েকজন টাইগারপাস মোড়ে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন। এদিকে নগরের চান্দগাঁও থানা ও নগরের বিভিন্ন এলাকা থেকে আরও ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয় গতকাল রোববার ও গত শনিবার রাতে। গ্রেপ্তার ছয়জন হলেন: ইলিয়াছ শফি (৪০), বিপ্লব (২৪), জুয়েল (২৫), বাপ্পি (২৪), রেজা (২৫) ও মিঠু (২৬)। এঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ।