চট্টগ্রামে পৃথক অভিযানে ৮৬ সোনার বার উদ্ধার
চট্টগ্রামে পৃথক অভিযানে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের অক্সিজেন এলাকায় ২৬টি সোনার বারসহ জাহাঙ্গীর আলম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার এবং গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার নগরের রেলস্টেশন এলাকায় বইয়ের ভেতর শফিকুর রহমান নামের এক যুবকের কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করে পুলিশ। কাস্টম হাউস সূত্র জানায়, দোহা-দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ গতকাল দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এর পরই শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি করে ৬০টি সোনার বার জব্দ করেন। জব্দ হওয়া সোনার বারের ওজন প্রায় সাত কেজি।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান প্রথম আলোকে বলেন, ‘উড়োজাহাজের যাত্রীদের হাতব্যাগ রাখার স্থানে এসব সোনার বার পাওয়া যায়। তবে কে বা কারা এসব সোনার বার এনেছে তা শনাক্ত করা যায়নি।
কাস্টম হাউসের তথ্যানুযায়ী, এ নিয়ে এ মাসে ছয়টি চালানে ১৬ কোটি টাকার ৩৯ দশমিক ৩৩ কেজি সোনার বার জব্দ করা হয়েছে। এদিকে বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাটহাজারীর দেওয়াননগর এলাকার নাসিরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম ২৬টি সোনার বার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নগরের কোতোয়ালি যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মধ্যপ্রাচ্য-ফেরত এক যুবক সোনার বারগুলো তাঁকে কোতোয়ালি এলাকার এক ব্যক্তিকে দিতে বলেছিলেন। ওই ব্যক্তিকে তিনি চেনেন না। উদ্ধার হওয়া ২৬০ তোলা সোনার মূল্য প্রায় এক কোটি আট লাখ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় বায়েজীদ বোস্তামী থানায় মামলা হয়েছে।