চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয়সহ তিনজন খুন হয়েছেন। এঁদের মধ্যে সিআরবি এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বোয়ালখালীতে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।জানা গেছে, জহুর আহমেদ নামে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একজন হোটেল ব্যবসায়ীর লাশ গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সিআরবি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফরিদের চাচাতো ভাই। পুলিশ সূত্র জানায়, জহুর আহমেদ গত রোববার রাতে হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হন। রাত নয়টার দিকে শহরে পৌঁছে তিনি তাঁর স্ত্রীকে ফোন করেন। এরপর ঘণ্টা দেড়েক তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০টায় সিআরবির নির্জন এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অতিরিক্ত উপকমিশনার ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, একজন মোটরসাইকেল আরোহী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এর কয়েক মিনিট আগে ওই জায়গায় টহল পুলিশ ছিল। ঘাতকেরা হয়তো মুহূর্তের মধ্যে লাশ ফেলে চলে যায়।পুলিশ জানায়, জহুরের নিচের মাঢ়ির দুটি দাঁত ভেঙে ফেলা হয়েছে। তাঁকে ফাঁস লাগিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। গামছা পার্টির সদস্যরা জহুরকে হত্যা করে থাকতে পারে বলে উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগমের ধারণা। তিনি প্রথম আলোকে বলেন, ‘যারাই হত্যা করুক, আমরা ঘাতকদের বের করব। এ ব্যাপারে সন্দেহভাজনদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।’ এদিকে বোয়ালখালীর বিদগ্রাম কালীমন্দিরের পাশে রোববার রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি লাগে। পরে রাত সোয়া ১১টার দিকে একটি পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে চলে আসছিল। এ সময় স্কুলের পাশে পৌঁছার পর অপর পক্ষ তাদের ওপর হামলা চালায়। তারা পূর্ব গোমদন্ডী মীর পাড়ার নুরুল ইসলামের ছেলে আমিনুর রহমান আজাদকে (৩০) ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কথা নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি জহিরুল হক জানান, ঘটনার পর গতকাল সোমবার বিকেলে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, গতকাল সোমবার সকালে সিআরবি এলাকার অদূরে একটি পাহাড়ের পাশে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে তাঁদের ধারণা। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।