চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়েছে। সকালে পাহাড়তলী থানার মাইট্টাইল্লা পুকুরপাড়ে জাহাঙ্গীর বাদশা (৪০) নামের একজন নির্মাণশ্রমিক ও দুপুরে চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড়ে সড়ক দুর্ঘটনায় রূপালী নামের এক কিশোরী মারা যায়। এ ছাড়া গতকাল দুপুরে হালিশহর এলাকায় শাহেদা নামের এক তরুণী আত্মহত্যা করেন বলে খবর পাওয়া যায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর বাদশা কাপ্তাইয়ের আবদুল আজিজের ছেলে। তিনি গতকাল সকালে একটি পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় সানশেড থেকে পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকি ৎ সক জাহাঙ্গীর বাদশাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও সিঅ্যান্ডবি গ্যাস কলোনির নঈম উদ্দিনের মেয়ে রূপালী গতকাল দুপুর সোয়া একটায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎ সক রূপালীকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম ভূঁইয়া দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর দেড়টায় হালিশহর জি-ব্লক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহেদার (২০) লাশ পাওয়া যায়। এ সময় তাঁর মা-বাবা ঘরে ছিলেন না। দীর্ঘদিন অসুস্থ শাহেদার মা মেয়ের রোগমুক্তি কামনার জন্য মাজারে গিয়েছিলেন। বাবা আবদুল মান্নান পোশাকশিল্প কারখানার শ্রমিক। তিনি কর্মস্থলে ছিলেন। হালিশহর থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’