চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রেয়াজউদ্দিন বাজার ও আছাদগঞ্জ এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে রেয়াজউদ্দিন বাজার থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় মিলেছে। গতকাল শনিবার সকাল ও দুপুরে এসব লাশ উদ্ধার করা হয়।রেয়াজউদ্দিন বাজারের রহমান ম্যানশনের তিনতলা থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটি হচ্ছে, একই মার্কেটের দোকান কর্মচারী মো. আরমান (২৬) ও আবদুল আজিজ (১৮)। আরমান খাদিমস সু ও আজিজ মেসার্স আজিম স্টোরের কর্মচারী। আরমান লোহাগাড়ার আমিরাবাদের মো. ইদ্রিছের ছেলে। আজিজ পটিয়ার রওশনহাট এলাকার আবদুর রশীদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে আজিজ সবার বড়। ২১ জানুয়ারি আরমানের মধ্যপ্রাচ্য যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। আজিজের চাচা আবদুল মালেক বলেন, ‘আজিজ বৃহস্পতিবার বাড়ি যায়। গতকাল সকাল নয়টায় ভাত খেয়ে বাড়ি থেকে শহরের উদ্দেশে রওনা দেয়। বেলা দেড়টার দিকে আমাদের কাছে খবর গেল আজিজ মারা গেছে। এটা রহস্যজনক।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। এখনো বোঝা যাচ্ছে না, কীভাবে তাঁদের মৃত্যু হলো। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’ এদিকে নগরের কোতোয়ালি থানার আছাদগঞ্জ শুঁটকি মার্কেট এলাকা থেকে শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘শুঁটকি মার্কেটের মোহাম্মদ আলীর দোকানের শার্টার ভাঙা ও ভেতরে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদের জানান। নিহত যুবকের হাতে পোড়া দাগ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শার্টার ভেঙে দোকানে চুরি করতে ঢোকার পর বৈদ্যুতিক শর্টসার্কিটে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’