চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরের পাহাড়তলী ও রাউজান উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও তিনটি কাঁচা দোকান পুড়ে গেছে। এতে ১৩ লাখ টাকার ক্ষতি হয়। গত শুক্রবার গভীর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর প্রহ্লাদ সিংহ জানান, নগরের পাহাড়তলী এলাকার হাজি বেলায়েত আলী রোডে দিবাগত রাত তিনটায় অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে পাঁচটি সেমিপাকা বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ারস্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর পৌনে পাঁচটায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে কারণ বের করা হবে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে রাউজান উপজেলার বাইন্যা পুকুরপাড় এলাকায় আগুন লেগে রিকশার গ্যারেজসহ তিনটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ারস্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে দোকানের মালামাল পুড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।