চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় দুজন নিহত
ইজি বাইকের (টমটম) ধাক্কায় ও ছাদ থেকে পড়ার দুটি পৃথক ঘটনায় চট্টগ্রাম নগরে শিশুসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ফজলুল হক (৬৫) ও সুমাইয়া বেগম (৮)। গতকাল শনিবার নগরের হিলভিউ আবাসিক এলাকা ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হতে গিয়ে টমটমের ধাক্কায় সুমাইয়া বেগম নামের এক শিশু আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়া মহেশখালী মাতারবাড়ি ইউনিয়নের নাছির উদ্দিনের মেয়ে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হিলভিউ আবাসিক এলাকার তিন নম্বর রোডের একটি বাড়ির ছাদ নির্মাণের কাজ করছিলেন ফজলুল হক। বেলা পৌনে একটায় অসাবধানতাবশত পাঁচতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফজলুল হকের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। তাঁর বাবার নাম কাদের খলিফা।