চট্টগ্রামে পৃথক দুর্ঘটনা পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে পশ্চিম পটিয়ার দৌলতপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া নগরের চান্দগাঁও এলাকায় বাসচাপায় এক পথচারী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।পটিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় দৌলতপুর এলাকায় কোরিয়ান ইপিজেডের প্রধান ফটকের সামনে পিএবিএ সড়কে চট্টগ্রামমুখী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুুুুুচড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।দুর্ঘটনায় অটোরিকশার এক অজ্ঞাতনামা যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর তিন অটোরিকশা আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মাহমুদুল ইসলাম (৩১) ও মনির হোসেন (৩২) নামের দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনায় গুরুতর আহত জামাল (২৫) নামের একজন আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ সবুর বলেন, হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। বাস খাদে পড়ে যাওয়ায় তিন-চারজন যাত্রী আহত হয়েছেন। এদিকে সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার-আউলিয়া এলাকায় ট্রাকচাপায় জান্নাতুল ফেরদৌস (৭) নামের এক শিশু নিহত হয়েছে। জানা গেছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। অন্যদিকে সকাল সাড়ে আটটার দিকে নগরের চান্দগাঁও এলাকায় বাসচাপায় নেপাল সাহা (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুরাতন চান্দগাঁও থানার সামনে রাস্তা পার হওয়ার সময় নগরের দুই নম্বর রুটে চলাচলকারী একটি বাস নেপাল সাহাকে ধাক্কা দেয়। এরপর বাসচালক গাড়ি ফেলে পালিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।