চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের মিরসরাই ও চট্টগ্রাম শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মিরসরাইয়ের নয়দুয়ারি ও বেলা সাড়ে তিনটার দিকে নগরের লাভলেইন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। লাভলেইন এলাকায় নিহত ব্যক্তির নাম অম্লান বড়ুয়া (৩০)। তিনি চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ী বেপারীপাড়ার তুষার কান্তি বড়ুয়ার ছেলে। জানা গেছে, লাভলেইন এলাকার ইত্তেফাক অফিসের সামনে মোটরসাইকেল চালানোর সময় অম্লানকে পেছন দিক থেকে আসা একটি রাইডার ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে রাইডারটি তাঁকে চাপা দিয়ে চলে যায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বেলা সাড়ে তিনটার দিকে অম্লান বড়ুয়াকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারি এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে আলমগীর হোসেন সোহেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাহাত জানান।