চট্টগ্রামে পৃথক বিজয় মেলা আয়োজক আ.লীগের দুই পক্ষ
চট্টগ্রাম নগরে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের উদ্যোগে মুক্তিযুদ্ধের পৃথক বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন মাঠে ১৬ দিনব্যাপী আয়োজিত একপক্ষের বিজয় মেলার উদ্বোধন করা হয়। সহসভাপতি সাংসদ নুরুল ইসলামের উদ্যোগে একই দিন ২১ দিনব্যাপী লালদীঘি ময়দানে আরেকটি বিজয় মেলা শুরু হয়েছে।স্টেডিয়াম-সংলগ্ন মাঠে মেলার উদ্বোধনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, বাংলার মাটিতে তাদের বিচার হবেই।’২২ বছর ধরে নগরের স্টেডিয়াম এলাকায় আওয়ামী লীগের নেতা মহিউদ্দিনের নেতৃত্বে এই বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন, যুগ্ম মহাসচিব শফিকুল বাহার ও সাংসদ এম এ লতিফ।বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের প্রবেশমুখে বিজয় শিখা প্রজ্বালন করেন প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। বিরোধী দলের হরতালের সমালোচনা করে তিনি বলেন, হরতাল দিয়ে সরকারকে সরানো যাবে না। বিএনপির হরতালে কোনো জনস্বার্থ নেই। তিনি বলেন, প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ মুক্তিযোদ্ধাদের স্বার্থে সরকার নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়া, নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আ জ ম নাছিরউদ্দিন বক্তৃতা করেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।লালদীঘি ময়দানে বিজয় মেলা: লালদীঘি ময়দানে গতকাল বিকেলে সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে ২১ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। গত বছর থেকে এই মেলার আয়োজন করছেন সাংসদ নুরুল ইসলাম। মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। এতে সভাপতিত্ব করেন মেলা পরিষদের চেয়ারম্যান সাংসদ নুরুল ইসলাম বিএসসি। পরে অশোক সেনগুপ্তের পরিচালনায় আওয়ামী শিল্পীগোষ্ঠী স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।