চট্টগ্রামে পৃথক স্থানে দুই দলের সমাবেশ
চট্টগ্রাম মহানগর পুলিশ আওয়ামী লীগ ও বিএনপিকে আজ শুক্রবার জুমার নামাজের পর পৃথক দুটি স্থানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের মধ্যস্থতায় এই অনুমতি দেয় নগর পুলিশ।
নগর পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে এবং বিএনপি কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করবে। তবে লালদীঘি মাঠে কাউকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে জানান, আওয়ামী লীগ ও বিএনপির পারস্পরিক সমঝোতার কারণে দুই পক্ষকে দুই জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
নগরের লালদীঘি মাঠে টানা চার দিন বিএনপি ও আওয়ামী লীগ টানা তিন দিনের সমাবেশের কর্মসূচি দিয়েছিল।
পাল্টাপাল্টি সমাবেশ ডাকার কারণে গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর পুলিশ চট্টগ্রাম নগরে সব ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।