চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে নগরের জিইসি মোড় ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম পথিক চন্দ্র নাথ (৪৫)।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটায় নগরের জিইসি মোড় এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় অজ্ঞাতনামা কিশোর (১৫)। আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা আরোহী পথিক চন্দ্রের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে পথিক নাথ গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথিকের বাড়ি উত্তর বাঁশবাড়িয়ায়।