চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। গত রোববার এই দুর্ঘটনা ঘটে। সোনাইছড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন গোলাম মোস্তফা (৫০) নামের হাইওয়ে পুলিশের এক কনস্টেবল। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাচুয়া গ্রামে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করার সময় কাভার্ড ভ্যানটি তাঁকে ধাক্কা দেয়। পুলিশ কাভার্ড ভ্যান ও চালকের সহকারী জহিরকে আটক করেছে। এদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বিবিরহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাখি আক্তার (১১) নামের একটি শিশু নিহত হয়। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।