চট্টগ্রামে দুটি পেট্রলপাম্প ও একটি গোডাউনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার বিএসটিআই পরিচালিত পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। বিএসটিআই সূত্রে জানা যায়, আদালত দুপুরে লালদীঘি, আগ্রাবাদ ও বন্দর এলাকায় পাঁচটি পেট্রলপাম্পের ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ পরীক্ষা করেন। লালদীঘি এলাকার মেসার্স সিরাজুল হক অ্যান্ড সন্সে চারটি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহ পরীক্ষা করে দুটিতে এবং আগ্রাবাদ এলাকায় মেসার্স খান অ্যান্ড ব্রাদার্সের তিনটি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহ পরীক্ষা করে একটিতে অনিয়ম পান। এসব প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফজলে এলাহী।অপরদিকে বিকেলে খাতুনগঞ্জের কোরবানীগঞ্জ এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে নিম্নমানের কার্বনেটেড বেভারেজ ‘কোবরা’র মজুদ শনাক্ত করা হয়। গোডাউন থেকে লক্ষ্মীপুর ও ভৈরবে উৎপাদিত মেসার্স এলএন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির প্রায় দুই লাখ ২৬ হাজার টাকা মূল্যের আট হাজার ৭৩৬ পিস ‘কোবরা’ জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।