চট্টগ্রামে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন
একাত্তরের মতোই রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়েই আন্দোলনের নামে চোরাগুপ্তা হামলাকারী রাজনৈতিক অপশক্তিকে মোকাবিলার তাগিদ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ আহ্বান জানান।
দেশব্যাপী নৈরাজ্য ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেনের সভাপতিত্বে ও পেশাজীবী সমন্বয় পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির প্রো-ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ড. এ কিউ এম সিরাজুল ইসলাম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।