চট্টগ্রামে পোলট্রি–শিল্পে আরও তিন গুণ বিনিয়োগ করা সম্ভব। এখানে পোলট্রি–শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। পুঁজির নিরাপত্তা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক ব্যবসায়ীই এ খাতে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন।
গত শনিবার চট্টগ্রাম নগরে পোলট্রি–বিষয়ক রিপোর্টিং কর্মশালায় বক্তারা এ মন্তব্য করেন। বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়াচডগ বাংলাদেশ নগরের কাজীর দেউড়ি এলাকার একটি রেস্তোরাঁয় এই কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেয়াজুল হক, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি খ. আলী আর রাজী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাকিবুর রহমান, যমুনা টেলিভিশনের বাণিজ্য সম্পাদক সাযযাদ আলম খান প্রমুখ।