চট্টগ্রামে পোশাক কারখানা স্থানান্তরে সহযোগিতা চেয়েছে বিজিএমইএ
বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে চট্টগ্রামের অনেক পোশাক কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এসব কারখানা স্থানান্তর করতে স্বল্প সুদে আর্থিক সহায়তা ও অবকাঠামোগত সহযোগিতা চেয়েছেন পোশাকশিল্পের মালিকেরা।
গতকাল মঙ্গলবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এই আহ্বান জানান।
তৈরি পোশাকশিল্পের কারখানা ভবনের নিরাপত্তা মূল্যায়ন নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বিদেশি ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে বলেন, ২০১৮ সালের মধ্যে পোশাকশিল্পে সম্পূর্ণ কর্মসহায়ক পরিবেশ (কমপ্লায়েন্স) নিশ্চিত করা গেলে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারণে চট্টগ্রামে অনেক কারখানা স্থানান্তর করতে হবে। নতুন জায়গায় এসব কারখানা স্থানান্তর করে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হলে স্বল্প সুদে এসব প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া উচিত।
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।