চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল দুপুরে চট্টগ্রামের হালিশহর থেকে তোলা ছবি l প্রথম আলো
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল দুপুরে চট্টগ্রামের হালিশহর থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম নগরের হালিশহর বি ব্লক এলাকায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে গুদামে রাখা কারখানার পরিত্যক্ত কাপড় পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

পোশাক কারখানাটির নাম মিডো অ্যাপারেল লিমিটেড। জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, তিনতলা ভবনের বেসমেন্টটি (ভূতল) কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গুদামে পোশাক তৈরির পর পরিত্যক্ত কাপড় রাখা হতো। বেলা একটার দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুন বেসমেন্টের বাইরে ছড়ায়নি।

পোশাক কারখানার কর্মী ঝর্ণা দত্ত প্রথম আলোকে বলেন, ‘কারখানার একতলায় কাজ করছিলাম। হঠাৎ ধোঁয়া দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কারখানার সবগুলো গেট খোলা ছিল বলে বের হতে সমস্যা হয়নি।’