চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় প্রেশাস অ্যাপারেল লিমিটেড নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটি আটটা থেকে চালু হওয়ার কথা ছিল। তাই অগ্নিকাণ্ডের সময় খুব বেশি শ্রমিক সেখানে ছিলেন না। যে অল্প কয়েকজন হাজির ছিলেন, তাঁরা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। এ ছাড়া ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভবনের অন্যান্য তলার আতঙ্কিত লোকজনকেও সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি ছয়তলা ভবনের পাঁচতলায় পোশাক কারখানাটি অবস্থিত। অন্যান্য তলায় বিভিন্ন পোশাক কারখানা রয়েছে। কারখানাটিতে প্রধানত টি-শার্ট ও জিনসের প্যান্ট তৈরি করা হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি ঘটনাস্থলে যায়। সময়মতো হাজির হওয়ায় অন্যান্য তলায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।