প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছেছেন। তিনি আজ বেলা তিনটায় সিডিএর পাঁচ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন। এরপর চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন বিশ্বমানের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরও উদ্বোধন করবেন। বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে।
পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী আজ বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করেন। সেখানে তিনি সামরিক বাহিনীর কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ দুপুরে মধ্যাহ্নভোজের পর তিনি বেলা পৌনে তিনটায় কাপ্তাই রাস্তার শেষ প্রান্ত কুয়াইশ এলাকায় সিডিএর কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে আগ্রাবাদের আরেকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিস্থাপন করবেন। এই প্রকল্পটির কাজ এখনো শুরু হয়নি। এ ছাড়া ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্প ও ১৭২ কোটি টাকা ব্যয়ে বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত লুপ রোডের নির্মাণকাজ উদ্বোধন, ৪৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু এভিনিউ ও কুয়াইশে দেশের সবচেয়ে সুউচ্চ বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করবেন। এ ছাড়া ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কদমতলী ওভারপাসটি উন্মুক্ত ঘোষণা করবেন।
সিডিএ সূত্র জানায়, অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে। তাই সড়কটির শেষ প্রান্তে কুয়াইশ এলাকায় বঙ্গবন্ধুর সবচেয়ে উঁচু ম্যুরাল স্থাপন করা হবে।
পুলিশ ও চেম্বার সূত্র জানায়, কুয়াইশ এলাকায় সিডিএর একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বেলা সাড়ে তিনটায় আগ্রাবাদে যাবেন। সেখানে চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে যাবেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে জানান, আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উঁচু ভবন। ভূমি থেকে ১০তলা পর্যন্ত ওয়ার্ল্ড সেন্টারে বাণিজ্যিক অফিস এবং ওয়ার্ল্ড সেন্টারের দপ্তর থাকবে। ১১ থেকে ২৪তলা পর্যন্ত থাকবে হোটেল।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এই ভবনে সুইমিং পুল, টেনিস কোর্ট, হল রুমসহ সব ধরনের সুবিধা আছে। ভবনের ছাদে রয়েছে হেলিপ্যাড। দেশি-বিদেশি যেকোনো ব্যবসায়ী হেলিকপ্টারযোগে ভবনের ছাদে অবতরণ করে বাণিজ্যিক যাবতীয় কাজ এই ভবনে সেরে রাতে অবস্থান করতে পারবেন। আবার কাজ সেরে চলে যেতে পারবেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যাবে। আসলে বিশ্বমানের উপযোগী করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে দিয়ে এটি উদ্বোধন করা হচ্ছে। এটি নির্মাণ করতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে।