চট্টগ্রামে পোশাক কারখানার চোরাই কাপড় উদ্ধার, গ্রেপ্তার ৫
চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি পোশাক কারখানার গুদাম থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার কাপড় প্রায় এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। চুরি ও চোরাই কাপড় কেনার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে তিন দিন ধরে বাগেরহাট, চাঁদপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন: সগির (৩৮), নাসির (৪০), সেলিম (৪০), রফিক (৪০) ও মনু মিয়া (৪৩)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য নিয়ে নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকা থেকে ১৫টি বস্তায় ভর্তি কাপড় উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে সগির ও নাসির সাগরিকা এলাকার রেনাল ডিজাইনার্স লিমিটেডের গুদাম থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৪৪ রোল কাপড় চুরি করেন। ওই কাপড় তাঁরা সেলিমের কাছে মাত্র এক লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। সেলিম কাপড়গুলো ১৫টি বস্তায় ভরে সেগুলো রফিকের কাছে এক লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। মনু মিয়া রফিকের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার সুবাদে এই চোরাই মাল কেনায় জড়িত ছিলেন। এ কারণে তাঁকেও গ্রেপ্তার করা হয়।রেনাল ডিজাইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজ্জাকুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘গত ৩১ মে সন্ধ্যায় গুদামের তালা সিলগালা করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এরপর গত ২ জুন সকালে গুদামের তালা খুলে দেখা যায় ৪৪ রোল কাপড় চুরি হয়েছে।’ উপকমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘চোরচক্রের সদস্যরা যে প্রতিষ্ঠানের পণ্য চুরির লক্ষ্য নির্ধারণ করে, সেখানে নিরাপত্তারক্ষী হিসেবে দলের এক বা একাধিক সদস্যকে নিয়োগ দেয়।’