চট্টগ্রামে পোশাক-কারখানার শ্রমিকদের আন্দোলন ‘পিস রেট’ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন শুরুর কয়েক দিন পর হঠাৎ গত রোববার চট্টগ্রামে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ভাঙচুর চালান। তবে তাঁদের এই ভাঙচুর ন্যূনতম মুজরি বৃদ্ধি এবং তার বাস্তবায়ন নিয়ে নয়, তাঁরা আন্দোলন করছেন সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে। তাঁদের দাবি, গার্মেন্টসকর্মীদের বেতন বাড়ানো হলে সোয়েটারপ্রতি নির্মাণ-মজুরিও বাড়াতে হবে। কারণ সোয়েটারশ্রমিকদের মাসিক কোনো ন্যূনতম মজুরি নেই। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সোয়েটারপ্রতি নির্মাণ-মজুরি নির্ধারণ নিয়ে যে সমস্যা চলছে, তা সহসা সমাধান হবে বলে মনে হয় না। সোয়েটারের ডিজাইন ছয়-সাত মাস পরপর পরিবর্তন করা হয়। আর পরিবর্তন হলেই এর নির্মাণব্যয় নিয়ে সমস্যা শুরু হয়। শ্রমিক, মালিক ও বিজিএমইএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গার্মেন্টসে যেসব শ্রমিক মাসিক বেতনভিত্তিক চাকরি করেন, তাঁদের নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু যাঁরা সোয়েটার কারখানায় চাকরি করেন, তাঁদের মাসিক কোনো বেতন নেই। প্রতিটি সোয়েটার তৈরির ওপর তাঁদের একটি নির্দিষ্ট টাকা দেওয়া হয়। এটা ‘পিস রেট’ নামে পরিচিত। এভাবে সোয়েটার তৈরির ব্যয় একসঙ্গে যোগ করে তাঁদের মাসিক বেতন নির্ধারণ করা হয়। তাই সোয়েটার তৈরি কম-বেশির ওপর বেতনের টাকাও ওঠানামা করা হয়। শ্রমিকদের অভিযোগ, সোয়েটারপ্রতি মজুরি নির্ধারণ করে মালিক পক্ষ তাদের কার্যত শোষণ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তার আওতায় সোয়েটার কারখানার শ্রমিকদের রাখা হয়নি। তাই ন্যূনতম মজুরির মতো সোয়েটারপ্রতি নির্মাণ-মজুরি বাড়ানোর জন্য তাঁরা দাবি জানান। আজিম গ্রুপের সোয়েটার কারখানা গ্লোবাল নিটওয়্যারের নিটিং অপারেটর মোহাম্মদ মিলন খান বলেন, ‘প্রতিটি সোয়েটারের ডিজাইন ও কাজ আলাদা। কাজেই ডিজাইনের কারণে একটি সোয়েটার নির্মাণ-মজুরি ৪০ থেকে ২০০ টাকা হতে পারে। তা ছাড়া চিকন সুতা আর মোটা সুতার কারণে কাজের পরিমাণ বাড়ে-কমে। এসব কিছু বিবেচনায় রেখে আমরা সোয়েটারপ্রতি দাম বাড়ানোর দাবি জানিয়েছি। কিন্তু মালিকেরা তা না করে উল্টো আমাদের আগের মজুরিই কমিয়ে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।’তবে আজিম-মান্নান গ্রুপের মহাব্যবস্থাপক দিলীপ কুমার দে দাবি করেন, ‘সোয়েটারের দাম আমরা কমাই না, বরং বিভিন্ন সময় বাড়ানো হয়। শ্রমিকেরা প্রতিটি ডিজাইনের সোয়েটারের বিপরীতে বাড়তি টাকা দাবি করছে।’