চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে আগুনে একটি পোশাক কারখানার মেশিন ও গুদামে রাখা কাপড়-চোপড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, রাত একটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এশিয়ান এলাইট ফেব্রিক্স লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার যন্ত্রপাতি, কাপড়, ইলেকট্রিক সামগ্রী, আসবাবপত্রসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এশিয়ান এলাইট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কারখানাটি স্থাপন করা হয়েছিল। এতে এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি, পরীক্ষামূলক উৎপাদন চলছিল। তবে আগুন লাগার সময় কারখানা বন্ধ ছিল। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়ে আমরা শনিবার থানায় জিডি করব।’মালিকপক্ষের উদ্ধৃতি দিয়ে বায়েজিদ থানার (এসআই) উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করছেন।