চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন এ কে খান এলাকায় নেছারিয়া মাদ্রাসা সড়কের একটি পোশাক কারখানার আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।দমকল বাহিনী সূত্র জানায়, গতকাল বেলা সোয়া দুইটার সময় এ কে খান এলাকার হামিদুল হকের মালিকানাধীন পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। চারতলা ভবনের দ্বিতীয় তলার ওয়াশিং প্ল্যান্টে অতিরিক্ত উত্তাপের কারণে আগুন লাগে। এ সময় সেখানে ৫০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর শ্রমিকেরা ভবন থেকে নেমে আসেন। পরে চট্টগ্রাম নগরের চারটি দমকল ইউনিটের মোট নয়টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, অতিরিক্ত উত্তাপের কারণে লাগা আগুন থেকে দ্বিতীয় তলায় থাকা ব্লাস্টিং মেশিনটি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।