চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন আতঙ্কে আহত ১৫
চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় ইউনি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটি ইউনি গ্রুপের বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গার্মেন্টসের চারতলা ভবনের তৃতীয় তলায় সুইং সেকশনের ৩ নম্বর লাইনে বিদ্যুতের স্ফুলিঙ্গ দেখে শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা হুড়োহুড়ি করে তৃতীয় তলা থেকে নিচে নামার চেষ্টা করলে সিঁড়িতে অনেকে পড়ে যান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।আহতদের মধ্যে ১৪ জনকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। তাঁরা হলেন জাহানারা (২৮), রুবি (২০), রুপা (২২), মাহফুজা (২৩), রেবি (২৫), নাজমা (২৬), জাহেদা (২৭), বীনা (২২), ইউসুফ (২২), রানু (২২), খাদিজা (২২), ঝিনু (২২), মাইনুদ্দিন (৩২) ও নারায়ণ চক্রবর্তী (৪০)।