চট্টগ্রামে পোশাক শ্রমিকদের ভাঙচুর সড়ক অবরোধ
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় গতকাল রোববার সকালে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁরা সাত-আটটি যানবাহনে ভাঙচুর চালান। বাসের সহকারীর হাতে এক পোশাকশ্রমিক লাঞ্ছিত হওয়ার জের ধরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে এম আর জান অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাসের সহকারীর হাতে ওই কারখানার এক শ্রমিক লাঞ্ছিত হন। এর আগে গত শনিবারও বাসের সহকারীর সঙ্গে কয়েকজন শ্রমিকের ঝামেলা হয় বলে জানা গেছে। দুই দিনের ঘটনার জের ধরে কারখানার প্রায় ৫০০ শ্রমিক বহদ্দারহাট-কালুরঘাট সড়কে এসে প্রায় এক ঘণ্টা অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ফলে সড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ প্রসঙ্গে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘শ্রমিকেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের পাশাপাশি সড়ক অবরোধ করেন। পরে তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে তুলে দিই।’