চট্টগ্রামে পোশাককর্মীর দগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর একটি শ্মশান থেকে গতকাল বুধবার সকালে এক পোশাকশ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ সূত্র জানায়, ওই পোশাকশ্রমিকের নাম পান্না দাশ (১৮)। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বৃষ্টির পানি সংগ্রহ করতে ঘর থেকে বের হন পান্না। পরে আর তাঁর সাড়াশব্দ না পেয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করা হয়। গতকাল ভোরে আবার খোঁজাখুঁজি শুরু হয়।সকাল সোয়া ছয়টার দিকে বসতঘর থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি শ্মশানের পাশে পান্নার আগুনে পোড়া লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার ও পোড়া প্লাস্টিক বোতলের অংশবিশেষ পাওয়া গেছে। পান্নাকে ধর্ষণের পর হত্যা করে পরে কেরোসিন ঢেলে পোড়ানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, পান্না দাশ সাগরিকা এলাকার জালাল শাহ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি দক্ষিণ কাট্টলীর কলেজ রোডের হরিমন্দিরসংলগ্ন একটি ভাড়া ঘরে তাঁর বোনের সঙ্গে থাকতেন। পান্না মিরসরাই উপজেলার অলিনগর গ্রামের ধনরঞ্জন দাশের মেয়ে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রক্রিয়া চলছে।