চট্টগ্রামে পোশাকশিল্পের প্রদর্শনীতে ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ
চট্টগ্রামে পোশাকশিল্পের তিন দিনব্যাপী প্রদর্শনীতে ৪০ লাখ মার্কিন ডলারের তাৎক্ষণিক ক্রয়াদেশ (স্পট অর্ডার) পাওয়া গেছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী গতকাল শনিবার সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে শেষ হয়।
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ‘চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন-কাফেক্সপো’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোশাকশিল্প খাতে বিদ্যমান সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। পোশাক তৈরির খরচ বাড়ানোর জন্য ইউরোপ-আমেরিকায় ‘রোড শো’ আয়োজন করার পরামর্শ দেন তিনি।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক নেতা ও উত্তর জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হক, বিজিএমইএর সহসভাপতি আবদুল মান্নান প্রমুখ।
এবারের প্রদর্শনীতে ৫০টি স্টলে দেশি-বিদেশি ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়। এবার সেরা স্টলের পুরস্কার পেয়েছে জ্যাক ইন্টারন্যাশনাল, জুকি বাংলাদেশ লিমিটেড, ফিক্স টেকনোলজি ও ব্রাদার ইন্টারন্যাশনাল।