চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
মূল বেতনের শতভাগ ঈদ বোনাসের দাবিতে আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রেখেছিল দুই পোশাক কারখানার শ্রমিকেরা। এতে তীব্র যানজটের পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও সাধারণ মানুষদের।
সড়কটির শেরশাহ মোড় এলাকায় এশিয়ান গ্রুপের দুটি পোশাক কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিক বিকেল সাড়ে তিনটায় এই অবরোধ সৃষ্টি করে। ওই দুই কারখানা হলো চট্টগ্রাম এশিয়ান অ্যাপারেলস এবং ফরচুন অ্যাপারেলস। প্রথমটিতে আড়াই হাজার এবং দ্বিতীয়টিতে এক হাজার ৯০০ শ্রমিক রয়েছে বলে জানা গেছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকেরা সন্ধ্যা ছয়টায় সড়ক থেকে উঠে যান।
দুটি কারখানার অবস্থান ডায়েরি বোস্তামি সড়কের শেরশাহ এলাকায়। এই সড়ক দিয়ে উত্তর চট্টগ্রাম এবং রাঙামাটি ও খাগড়াছড়ির গাড়ি শহরে আসা যাওয়া করে। তবে এর বিকল্প হিসেবে মুরাদপুর-অক্সিজেন সড়কটি ব্যবহার করে অনেক যানবাহন। সড়ক অবরোধে কারণে দুই পাশে যানবাহন আটকা পড়ে। জটে প্রায় দুই ঘণ্টা আটকে পড়ে হাটহাজারীগামী কয়েকটি মিনি বাস। যানজটের কারণে বিভিন্ন যানবাহনের যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে।
জানা গেছে, ঈদুল আজহার বোনাস মূল বেতনের শতভাগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকেরা। কিন্তু মালিকপক্ষ পূর্ণ বোনাস দিতে রাজি হচ্ছিল না। শ্রমিকদের দাবি, সরকার ঈদের আগে (ঈদুল আজহা) বিধিমালা করে বোনাস মূল বেতনের শতভাগ দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু তাদের দুটি পোশাক কারখানা এই নিয়ম মানেনি। যার কারণে শ্রমিকেরা ঈদের আগে বোনাস না নিয়ে ফিরে যান।
মো. আনোয়ার নামে এক শ্রমিক জানান, ঈদের আগে সরকারি ঘোষণা আসার পর তাঁদের বলা হয় হিসাব নিকাশ করে ঈদের পর বোনাস দেওয়া হবে। সে অনুযায়ী আজ (৫ অক্টোবর) বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু আজ বোনাস দিচ্ছিল মূল বেতনের ৩৫ শতাংশ। তাই তাঁরা বোনাস না নিয়ে রাস্তায় চলে আসে।
খবর পেয়ে ডায়েরি থানা-পুলিশ ও শিল্প পুলিশের প্রায় ১০০ সদস্য ঘটনাস্থলে যান। একই সময় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রামের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে চট্টগ্রাম এশিয়ান অ্যাপারেলসের কয়েকজন কর্মকর্তা সড়কে এসে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে তাঁরাও ব্যর্থ হন। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে এশিয়ান গ্রুপের পরিচালক জহির উদ্দিনসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন। তাঁরা পুলিশের উপস্থিতিতে কয়েকজন শ্রমিক প্রতিনিধিদের ডেকে নিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে উঠে যান।
এশিয়ান গ্রুপের পরিচালক জহির উদ্দিন ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি মেনে আগামীকাল থেকে বোনাস দেওয়া শুরু হবে। আশা করি আগামী দুই দিনের মধ্যে বোনাস দেওয়া শেষ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মূল বেতনের পুরোটা দেওয়ার চেষ্টা করব।’
ঘটনাস্থলে উপস্থিত বিজিএমইএর উপসচিব করিম উল্লাহ বলেন, ঈদুল আজহার আগে সরকার একটি পরিপত্র জারি করে উৎসব বোনাস সর্বোচ্চ মূল বেতনের সমপরিমাণ দেওয়ার কথা বলেছে। সেখানে সর্বনিম্ন কত হবে তা উল্লেখ নাই। তাই বোনাস প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের পলিসি অনুযায়ী নির্ধারণ করছে। এশিয়ান গ্রুপও তাঁদের আগের নিয়মে দুই ঈদে যথাক্রমে মূল বেতনের ৬৫ ও ৩৫ শতাংশ করে বোনাস দিয়ে আসছে। কিন্তু এই দুটি কারখানার শ্রমিকেরা ঈদের আগে ওই পরিমাণ বোনাস নিতে রাজি হয়নি।
ডায়েরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, শ্রমিকদের দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে। তারা প্রায় দুই ঘণ্টার বেশি সময় সড়কে ছিল। এতে যানজট হয়েছে। সন্ধ্যা ছয়টায় সড়ক থেকে শ্রমিকেরা উঠে গেছে।