চট্টগ্রামে পোস্টার লাগানোর সময় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া শীর্ষ পাঁচ জামায়াতের নেতা ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগানোর সময় সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে চান্দগাঁও, বাকলিয়া ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।জানা গেছে, চান্দগাঁও থানার পুলিশ রাতে এক কিলোমিটার এলাকা থেকে আনসার হামিদ (২০) নামের এক শিবিরকর্মী ও রতন কর্মকার (৩২) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করে। একইভাবে বিআরটিসি এলাকা থেকে আবছার (২১) ও শুক্কুর (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সাকা চৌধুরীর মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগাচ্ছিলেন বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান। এ ছাড়া দিদার মার্কেট এলাকায় পোস্টার লাগানোর সময় নুরুল আলম (২৪) নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, বাকলিয়া থানার পুলিশ একই রাতে নগরের কালামিয়া বাজার এলাকা থেকে দুই ঠেলাগাড়ির চালককে গ্রেপ্তার করে।