চট্টগ্রামে পোস্টাল ক্যাশ কার্ড চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সীমিত আকারে পোস্টাল ক্যাশ কার্ড (পিসিসি) চালু হয়েছে। গত ১ জুলাই থেকে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিস, বন্দর ও পটিয়া প্রধান ডাকঘরে এ কার্ড চালু করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চলের সহকারী পোস্টমাস্টার জেনারেল (ডাক ও কল্যাণ) কাজী মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘পোস্টাল ক্যাশ কার্ডধারীরা নগদ টাকা পরিবহনের ঝুঁকিমুক্ত থাকবেন। এ কার্ডের মাধ্যমে বয়স্ক ভাতার মতো বিভিন্ন সরকারি ভাতা পরিশোধের ব্যবস্থা থাকবে।’ কাজী মামুন বলেন, ভবিষ্যতে পোস্টাল ক্যাশ কার্ড ও এটিএম কার্ডের মধ্যে সমন্বয়ের পরিকল্পনা আছে। তখন শুধু ডাকঘর নয়, ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তোলা যাবে।’গত বছরের জুনে প্রথম ঢাকার পাঁচটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার ২৬টিসহ মোট ৩১টি ডাকঘরে পোস্টাল ক্যাশ কার্ড চালু করা হয়। এর সঙ্গে এখন যোগ হয়েছে চট্টগ্রামের তিনটি ডাকঘর।কাজী মামুন বলেন, ‘আমরা পোস্টাল ক্যাশ কার্ডের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে চট্টগ্রামের সব ডাকঘরেই এই কার্ড চালু করব। এ ব্যাপারে দক্ষতা বাড়াতে এর সঙ্গে সংশ্লিষ্ট সহকারী পোস্টমাস্টার ও অপারেটরদের দু-দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ডাক বিভাগ সূত্রে জানা গেছে, পিসিসি পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে প্রথমে নির্ধারিত ডাকঘরে এসে আবেদনপত্র পূরণ করে কার্ড কিনতে হবে। দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র জমা দিলে ডাকঘর থেকে পোস্টাল ক্যাশ কার্ড ইস্যু করা হবে। সূত্রমতে, প্রথমে ৪৫ টাকা দিয়ে একটি কার্ড কিনতে হবে। প্রতিবার লেনদেনের জন্য পাঁচ টাকা করে চার্জ কাটা হবে।