চট্টগ্রামে পৌষ বরণ
আনন্দ শোভাযাত্রা, বাউলসংগীত, নাচ-গান আর পিঠাপুলির হাট বসিয়ে এ বছর পৌষকে বরণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। গতকাল শনিবার ইনস্টিটিউট প্রাঙ্গণে পৌষ পার্বণ ১৪২১ উদ্যাপন করা হয়।
পৌষ পার্বণ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউটের শিক্ষার্থী নাজমুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘বাঙালি সংস্কৃতি ও বাঙালিয়ানাকে ধরে রাখা আমাদের প্রধান লক্ষ্য। সে কারণে বাঙালির সব পার্বণ উদ্যাপন করার চেষ্টা করে চারুকলা ইনস্টিটিউট।’
পৌষ বরণে গতকাল সকালে চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চের অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প সমালোচক আবুল মনসুর। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পী মনসুরুল করিম। আলোচনা অনুষ্ঠান শেষে পিঠার স্টল উদ্বোধন করেন তাঁরা। দুপুরে মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিকেলে অনুষ্ঠিত হয় পুতুলনাচ ও নাটক। নাটক পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। সন্ধ্যায় প্রয়াত শিল্পী হাসি চক্রবর্তীকে স্মরণ করে প্রদীপ প্রজ্বালন করা হয় এবং ফানুস ওড়ানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সবশেষ পরিবেশনা ছিল বাউলসংগীত। চট্টগ্রামের বাউলশিল্পী আবদুর রহিম ও চারুকলার শিক্ষার্থীরা বাউলসংগীত পরিবেশন করেন।