চট্টগ্রামে প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও আধা বেলা প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন প্রকাশকেরা। গতকাল সোমবার বাংলাদেশ প্রকাশক ও বিক্রেতা সমিতি ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামের ৩২টি প্রকাশনা প্রতিষ্ঠান বেলা দুইটা পর্যন্ত বন্ধ রাখা হয়। এর বাইরে অনেক বইয়ের দোকানও কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বন্ধ ছিল। প্রকাশক হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করা হয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রকাশনা প্রতিষ্ঠান ‘খড়িমাটি’র কর্ণধার মনিরুল মুনির বলেন, ‘প্রকাশক হত্যার তীব্র নিন্দা জানাই। আধা বেলা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা এর প্রতিবাদ জানালাম।’

প্রকাশনা প্রতিষ্ঠান ও সমিতিভুক্ত বইয়ের দোকানগুলো বন্ধ থাকলেও আন্দরকিল্লা, চকবাজার, আগ্রাবাদের বেশির ভাগ বইয়ের দোকান সকাল থেকে খোলা ছিল। আন্দরকিল্লা মসজিদ মার্কেটের ‘বুক কালেকশনের’ অন্যতম কর্ণধার রানা মল্লিক বলেন, আমরা প্রকাশনা সমিতির অন্তর্ভুক্ত নই। তারপরও যাঁরা জেনেছেন, তাঁদের কেউ কেউ বইয়ের দোকান বন্ধ রেখেছিলেন। কর্মসূচির সঙ্গে সংহতি রেখে তিনিও দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ রাখেন।