চট্টগ্রামে প্রকৌশলীর ছেলেসহ তিনজনের চার দিন করে রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি অভিজাত হোটেলের সামনে থেকে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার প্রকৌশলীর ছেলেসহ তিনজনকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানির পর মহানগর হাকিম ওসমান গনি তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাঁদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিল।আদালত সূত্র জানায়, অশোক দেব (৩২), পতেঙ্গার বাসিন্দা মো. শহীদুল ইসলাম (২৮) ও মাইক্রোবাসের চালক দিদারুল আলমের (৩৬) চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। অশোকের বাবা অজিত কুমার দেব পেশায় প্রকৌশলী। পুলিশ গত সোমবার ভোরে ছিনতাই কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস এবং ছিনতাই হওয়া ২৫ হাজার টাকাসহ তাঁদের গ্রেপ্তার করে। ৩ আগস্ট দুপুরে র‌্যাব পরিচয় দিয়ে সন্ত্রাসীরা নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড় থেকে এ ১১ লাখ টাকা ছিনতাই করে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আদালত মাইক্রোবাসের চালক ও দুই ছিনতাইকারীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। কোতোয়ালি থানা পুলিশ জানায়, ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার দলনেতা ইউনুসসহ আরও নয়জনকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।