চট্টগ্রামে প্রতারণার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, আবার কখনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা দুদক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম মোস্তাফিজুর রহমান (২৯)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, প্রতারিত হওয়া একাধিক লোকের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি মুঠোফোন ও ছয়টি সিমসহ মোস্তাফিজকে আটক করা হয়। একসময় বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। পরে প্রতারণা করে লোক ঠকানোর মতো অপরাধে জড়িয়ে পড়েন। নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, আইনজীবী, দুদক কর্মকর্তা, সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।
গতকাল দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সহজে টাকা পাওয়া যায়। তাই এটি করতাম। টাকাগুলো দিয়ে ঘরভাড়াসহ যাবতীয় খরচ চালাতাম। কখনো ৮ হাজার টাকার বেশি কারও কাছ থেকে চাইতাম না। টাকা কম চাওয়ায় লোকজনও সহজে দিয়ে দিতেন।’ এ পর্যন্ত ৮ থেকে ১০ জনের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার কথা জানান মোস্তাফিজ।