চট্টগ্রামে প্রতারণার অভিযোগে নারীসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার নগরের হালিশহর ও ডবলমুরিং থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর সঙ্গে একটি মেয়ের আপত্তিকর ছবি তুলে ওই প্রতারণা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কৌশিক আহমেদ (৩০), তৌহিদুল ইসলাম (২২), আরিফুল ইসলাম (২৩) ও রোজি আক্তার (২০)। এঁদের মধ্যে কৌশিক ও রোজি স্বামী-স্ত্রী। তাঁরা হালিশহর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তাঁদের বিরুদ্ধে খুলশী থানায় একই ধরনের অভিযোগে এর আগেও একটি মামলা রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যবসায়ী জানান, ৭ সেপ্টেম্বর কাজীর দেউড়ি এলাকা থেকে তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে এক মেয়ের সঙ্গে তাঁর আপত্তিকর কিছু ছবি তোলে চক্রটি। পরে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখায়। তিনি ওই দিনই এক বন্ধুর মাধ্যমে পাঁচ লাখ টাকা দেওয়ার পর চক্রটি তাঁকে আগ্রাবাদ এলাকায় ছেড়ে দেয়। এর কিছুদিন পর ছবি প্রকাশের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে আবারও এক লাখ টাকা নেয়। চক্রটি এভাবে কিছুদিন পরপর টাকা দাবি করলে তিনি ৯ ডিসেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ ও এসআই নেজাম উদ্দিনের সমন্বয়ে একটি বিশেষ দল গত বুধবার চক্রটির ওই চার সদস্যকে গ্রেপ্তার করে। সদীপ কুমার দাশ বলেন, ‘চক্রটি বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের ব্ল্যাকমেইল করে। এদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।’ তিনি জানান, চক্রটির অপর চার সদস্য পলাতক রয়েছে।