চট্টগ্রামে প্রতারণার মামলায় গ্রেপ্তার ১
ব্যাংকের কাছে বন্ধক রাখা জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ গোলাম ফারুক (৫০) নগরের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক রইস উদ্দিন আহম্মেদ বলেন, ২০০৩ সালে ২৫ শতক জমি বন্ধক রেখে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৫০ লাখ টাকা ঋণ নেন গোলাম ফারুক। ওই ঋণ এখন সুদাসলে পৌনে চার কোটি টাকার বেশি অঙ্কে পৌঁছেছে। ব্যাংকের ঋণ শোধ না করে আসামি গোলাম ফারুক বন্ধক রাখা জমিটি প্রতারণার মাধ্যমে আরেকজনের কাছে বিক্রি করে দেন। ওই ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রইস উদ্দিন আহম্মেদ বলেন, মামলার বাকি তিন আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।