চট্টগ্রামে প্রতি তিন ঘণ্টায় একটি করে সংসার ভাঙছে
ব্যক্তিত্বের সংঘাতের পাশাপাশি যৌতুকের কারণে নগরে এখন গড়ে প্রতি তিন ঘণ্টায় একটি করে সংসার ভাঙছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সালিসি আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।চট্টগ্রাম নগরে ২০০৯ সালে প্রতি সাড়ে পাঁচ ঘণ্টায় ঘটত একটি করে বিবাহবিচ্ছেদের ঘটনা। নগরের জনসংখ্যা বর্তমানে প্রায় অর্ধকোটি। ২০০৯ সালে চট্টগ্রাম শহরে বিবাহবিচ্ছেদের সংখ্যা ছিল এক হাজার ৯৫২টি। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত নগরে বিবাহবিচ্ছেদ হয়েছে দুই হাজার ৩৪টি। সিটি করপোরেশনের সালিসি আদালত সূত্র জানায়, তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকসহ নিম্ন আয়ের লোকজনের মধ্যেই বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক বেশি। মধ্যবিত্ত পরিবারে বিচ্ছেদের সংখ্যা কিছুটা কম হলেও উচ্চবিত্তদের মধ্যে বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে।এই নিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মুনতাসির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বন্দর, ইপিজেড, পতেঙ্গা, হালিশহরসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিম্নবিত্ত নারী-পুরুষের মধ্যে খুব দ্রুত যেমন সম্পর্ক গড়ে ওঠে। তেমনি আবার তাড়াতাড়ি সম্পর্ক ভাঙেও। এই শ্রেণীর মধ্যে যৌতুকের কারণেই বিয়ে ভাঙছে বেশি। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর লোকজনের বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ব্যক্তিত্বের সংঘাতই বড় কারণ।’বিচ্ছেদের পর সন্তানও ভাগাভাগি: একটি বেসরকারি ব্যাংকের অফিসার জান্নাতুল নাঈম (ছদ্মনাম)। নয় বছর আগে পারিবারিকভাবেই বিয়ে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সজীবের (ছদ্মনাম) সঙ্গে। পারিবারিক জীবনের শুরুটা ভালো কাটলেও দুজনের সামাজিক অবস্থার তারতম্যের কারণে শুরু হয় টানাপোড়েন। এর মধ্যে দুই কন্যাসন্তানের জন্ম হয়। শেষে মোহাম্মদ সজীবের পাঠানো তালাক নোটিশ কার্যকর হলে ছয় এবং এক বছর বয়সী দুটি মেয়েকে নিয়ে দুজন আলাদা হয়ে যান। বর্তমানে বড় মেয়ে থাকে জান্নাতুলের কাছে। ছোট মেয়ের ঠাঁই হয়েছে বাবা মোহাম্মদ সজীবের বাসায়। বিচ্ছেদের পর থেকে দুই পরিবারের মধ্যে নেই কোনো যোগাযোগ। জান্নাতুল জানান, ‘বনিবনা না হলে সে (সজীব) বিচ্ছেদটা অনেক আগেই ঘটাতে পারত। ছোট মেয়েটার কথা খুব মনে পড়ে। মেয়েটাকে ওই পরিবার আমার সঙ্গে দেখা করতেও দেয় না।’মনোরোগবিশেষজ্ঞ শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে বিচ্ছেদের শিকার হওয়া সন্তান এবং নারীরাই বেশির ভাগ সময় সামাজিক নানা সমস্যার সম্মুখীন হন। কন্যাসন্তানদের ক্ষেত্রে বিয়ে দেওয়া নিয়ে সমস্যা হয়। মা-বাবার উভয়ের ভলোবাসা আর অনুশাসনের অভাবে সন্তানদের বখে যাওয়ার ঘটনাও ঘটে। তবে আর্থিক সচ্ছলতা এবং পরিবারের লোকজনের সহযোগিতা থাকলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।’ বিশিষ্ট সমাজবিজ্ঞানী অনুপম সেন প্রথম আলোকে বলেন, দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে। নগরায়নের ফলে সামাজিক কাঠামো বদলে যাচ্ছে। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক মূল্যবোধও পরিবর্তিত হতে থাকবে। নারীরা অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছেন। স্বাবলম্বী হওয়ায় কোনো অবিচার হলে আগের মতো আর মুখ বুঁজে সহ্য না করে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। বিচ্ছেদের ফলে অনেকের কষ্ট হলেও আবার অনেকে কষ্ট থেকে মুক্তিও পাচ্ছেন।