চট্টগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন এক যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নুরুজ্জামান ওরফে মুন্না (২২) নামের এক যুবক নিজেই ফেঁসে গেছেন। ছাত্রলীগ ও যুবলীগের এক পক্ষকে ফাঁসাতে গিয়ে আরেক পক্ষ মুন্নার শরীরে ব্যান্ডেজ লাগিয়ে রোগী সাজিয়ে থানায় নিয়ে গিয়েছিল। বিষয়টি ধরা পড়লে উল্টো মুন্নাকেই হাজতে ঢুকিয়ে দেয় বায়েজিদ থানার পুলিশ।থানা সূত্রে জানা গেছে, মুন্না বায়েজিদ থানার চৌধুরী নগর এলাকার নূর হোসেনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় যুবলীগের নেতা মেহেদী হাসানসহ কয়েকজন মুন্নাকে বায়েজিদ থানায় নিয়ে যান। এ সময় মুন্নার কপালে ও পেটে ব্যান্ডেজ বাঁধা ছিল। তাঁরা কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এ কে আজাদকে মামলা নিতে চাপ দিলে তিনি চিকিত্সার সনদ দিতে বলেন। তখন মুন্নার সঙ্গে আসা লোকজন পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন।বায়েজিদ থানার এসআই আজাদ জানান, পুরো বিষয়টি পুলিশের সন্দেহ হলে স্থানীয় এক চিকিত্সক ও গণ্যমান্য লোকজনকে ডেকে মুন্নার ব্যান্ডেজ খুলে দেখতে পান, তাঁর শরীরে জখমের কোনো চিহ্ন নেই। তাই মুন্নাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে আসা অন্যরা চলে যান। তাঁরা ছাত্র ও যুবলীগের আনোয়ার, নোমান, লিটনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন।এ ঘটনায় মুন্নার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। মুন্না বলেন, ‘আমাকে আনোয়ারসহ কয়েকজন মারধর করেছেন। আমি মেডিকেলে চিকিত্সা নিয়ে থানায় মামলা করতে আসি।’ কোনো আঘাতের চিহ্ন না থাকার পরও কেন ব্যান্ডেজ করা হলো, জিজ্ঞেস করলে তিনি কোনো জবাব দেননি।