ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা। তাঁরা গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের ইতিহাসে জঘন্যতম মানবহত্যা চলছে।
জাতিসংঘের ভূমিকার প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জাতিসংঘ ও বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানেরা ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোটের চট্টগ্রাম শাখা, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্রের পরিচালনায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য সুচরিত দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি রণজিৎ রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল, সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী টিংকু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, অঞ্চল চৌধুরী প্রমুখ। কবিতা পাঠ করেন বিকিরণ বড়ুয়া এবং আলেক্স আলীম।