চট্টগ্রামে প্রতিমা বিসর্জন
শান্তিপূর্ণ ও সাড়ম্বরে চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য এবারও পতেঙ্গা সমুদ্রসৈকত অভিমুখে ছিল মানুষের ঢল।
আনুষ্ঠানিকতা শেষে গতকাল শনিবার সকাল থেকেই প্রতিটি মণ্ডপে শুরু হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। পতেঙ্গায় প্রতিমা বিসর্জনের ব্যবস্থাপনায় ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন শেষ হয়েছে।
বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে এক অনুষ্ঠানের মাধ্যমে নগরের তিনটি শ্রেষ্ঠ পূজামণ্ডপকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও সিটি করপোরেশন যৌথভাবে এ পুরস্কারের ব্যবস্থা করেছে।
চসিক ও নগর পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার পূজা উদ্যাপনে ২৮৫টি মণ্ডপ তৈরি করা হয়েছিল। প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পুলিশ।