চট্টগ্রামে প্রতিমা বিসর্জন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশের মতো চট্টগ্রামেও শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অায়োজন শারদীয় দুর্গোৎসব।
বরাবরের মতো গতকালও পতেঙ্গা সমুদ্রসৈকতে ছিল পূজারিদের উপচে পড়া ভিড়। বেলা দুইটার পর থেকেই পূজারিদের ঢল নামতে শুরু করে পতেঙ্গায়। এর আগে সকালে মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমী পূজা শুরু হয়। পূজা শেষে বেজে ওঠে বিষাদের সুর। দুপুরে বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে প্রতিমা উঠিয়ে সমুদ্রসৈকতের দিকে রওনা হন পূজারিরা। এ সময় তাঁদের হাতে ছিল ঢাক, কাঁসা, ঘণ্টা। পরে সমুদ্রে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

নগরের উত্তর কাট্টলীর মজুমদার বাড়ি থেকে পতেঙ্গায় প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন রাকেশ সাহা। তিনি বলেন, ‘আমাদের দুর্ভোগ লাঘবের জন্য মা দুর্গা মর্ত্যে এসেছিলেন। তাঁর আগমন উপলক্ষে পাঁচ দিন উৎসবে মেতেছিলাম। অবশেষে মায়ের ফিরে যাওয়ার
সময় হয়েছে। তাঁকে বিদায় দিতে এসেছি।’
পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাশ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকতে। তিনি বলেন, নিরাপত্তার ব্যবস্থা ছিল সন্তোষজনক।
পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশাপাশি ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাট, আনোয়ারার পারকি সৈকত ও কালুরঘাট সমুদ্রসৈকতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
নগর পূজা উদ্যাপন পরিষদ সূত্র জানায়, এবার নগরে মোট ২৮৪টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছিল।