চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিভক্ত ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন নেতার অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা আলাদা আলাদাভাবে সংগঠনের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা ছাত্রলীগের নেতা-কর্মীদের ডিজিটাল বাংলাদেশ গঠন ও যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্য দেন নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন। এরপর শহীদ মিনার থেকে ট্রাক শোভাযাত্রা বের করেন ছাত্রলীগের এই অংশের নেতা-কর্মীরা। এদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের অনুসারী ছাত্রলীগ শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, নগর ছাত্রলীগের সহসভাপতি এস এম আলম চৌধুরী, জহির উদ্দিন মো. বাবর, জাবেদুল আলম মাসুদ প্রমুখ।নগর আওয়ামী লীগের আরেক নেতা আ জ ম নাছিরের উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নগরের জে এম সেন হল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করে। উৎসবের উদ্বোধন করেন সাবেক জাতীয় পরিষদ সদস্য ইসহাক মিয়া। আলোচনা সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রমুখ।