চট্টগ্রাম জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ৪ হাজার ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। গতকাল রোববার ইংরেজি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৬৯৪ জন। প্রথম দিন উপস্থিত ছিল ১ লাখ ৫২ হাজার ৫২২ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে জানান, মোট ৩৪৪টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় উপস্থিত ছিল ২৩ হাজার ৩১১ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ২২১ জন। মোট ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।