চট্টগ্রামে প্রথম নারী প্রার্থী খাদিজাতুল আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজাতুল আনোয়ার
খাদিজাতুল আনোয়ার

সংসদ নির্বাচনে চট্টগ্রামের কোনো আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য এবারই প্রথম নারী প্রার্থীকে মনোনীত করল কোনো দল। দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এর আগে বিগত নয়টি জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৫৮ জন নারী সরাসরি নির্বাচনের সুযোগ পেলেও বঞ্চিত ছিলেন চট্টগ্রামের নারী রাজনীতিবিদেরা।
এবার ১০ জনের বেশি নারী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে ফটিকছড়িতে নির্বাচনের জন্য সুযোগ পাচ্ছেন খাদিজাতুল আনোয়ার।
বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করে সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলের নেতা
নারী হলেও জাতীয় সংসদে
নারীর প্রতিনিধিত্ব অনেক কম। দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী-পুরুষের সমান প্রতিনিধিত্ব থাকা উচিত। চট্টগ্রামের কোনো আসনে নারীকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া এ অঞ্চলের নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।
খাদিজাতুল আনোয়ার আওয়ামী লীগের প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে। ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রাম-২ আসনে রফিকুল আনোয়ার নির্বাচিত হন।
মনোনীত খাদিজাতুল আনোয়ার বলেন, বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্যই দল তাঁকে মনোনীত করেছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের যে প্রতিশ্রুতি রয়েছে, এই মনোনয়ন তারই প্রতিফলন বলে তিনি মনে করেন।