চট্টগ্রামে প্রথম পাঁচতারকা হোটেলের কার্যক্রম শুরু
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রায় দেড় মাস পর বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের প্রথম ও একমাত্র পাঁচতারকা হোটেল ‘রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’ হোটেলের। গতকাল বৃহস্পতিবার হোটেল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হুমায়ুন বখত, মহাব্যবস্থাপক গেইর সিকো, কার্লসন রেজিডর হোটেল গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট থমাস হেইজমান। হুমায়ুন বখত বলেন, বাংলা নববর্ষের প্রথম দিন, ১৪ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে এ হোটেলের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত এ মাসের জন্য ২৩৪টি হোটেল কক্ষ ভাড়া হয়েছে। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে তিন বছর নয় মাসে সেনা কল্যাণ সংস্থার অঙ্গপ্রতিষ্ঠান সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড কার্লসন রেজিডর হোটেল গ্রুপের সহায়তায় এই হোটেল নির্মাণ করে।
হোটেলের মহাব্যবস্থাপক গেইর সিকো বলেন, ২২ তলাবিশিষ্ট এ হোটেলের আয়তন ৮৯ হাজার বর্গমিটার।