চট্টগ্রামে প্রথমার দুটি বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশিত উপন্যাস হরিশংকর জলদাসের আমি মৃণালিনী নই এবং বিশ্বজিৎ চৌধুরীর নার্গিস-এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক আবুল মোমেন।
আবুল মোমেন বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আইকন। এঁদের দুজনের যে ভাবমূর্তি রয়েছে তার ব্যাপক প্রভাব বিদ্যমান আমাদের সমাজে। এ জন্য তাঁদের জীবননির্ভর কোনো রচনায় যেমন ঐতিহাসিক সত্যের ওপর নির্ভর করতে হয়, তেমনি কল্পনার আশ্রয় নিতেও সাবধানী হতে হয়।
উপন্যাস দুটি নিয়ে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আনোয়ারা আলম, অধ্যাপক মহীবুল আজিজ, অধ্যাপক ফেরদৌস আরা আলীম, সাহিত্যিক হুমায়ুন মালিক ও অধ্যাপক মসিউজ্জামান। কবি ওমর কায়সারের উপস্থাপনায় অনুষ্ঠানে দুই লেখক হরিশংকর জলদাস ও বিশ্বজিৎ চৌধুরীও বক্তব্য দেন।
অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘নামকরণের মাধ্যমে মৃণালিনীর বিদ্রোহী সত্তার প্রকাশ মেলে। অন্যদিকে বড় বিস্ময় ও বেদনার নার্গিস চরিত্র। এ যুগের নারীরা মানুষ হয়ে বিকশিত হোক।’
আমি মৃণালিনী নই এর আলোচনায় মসিউজ্জামান বলেন, ‘উপন্যাসটি একইভাবে রবীন্দ্রজীবনীর সত্যের চেয়ে পাঠকের কাছে অধিকতর সত্য বলে প্রতীয়মান হতে পারে। আর তা যদি হয় তাহলে তা লেখকের সার্থকতাই ঘোষণা করবে। কিন্তু রবীন্দ্রনাথের প্রতি এবং সেই সঙ্গে মৃণালিনীর প্রতিও অবিচার করা হবে।’
নার্গিস উপন্যাস সম্পর্কে মহীবুল আজিজ বলেন, নার্গিস একটি ফুলের নাম। এটি ইতিহাসে কুঁড়ি হয়ে ছিল। বিশ্বজিৎ চৌধুরী এটিকে প্রস্ফুটিত করেছেন।