চট্টগ্রামে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শুরু হয়েছে নয় দিনব্যাপী প্রথমা প্রকাশনের বইমেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের দামপাড়া জেলা শিল্পকলা একাডেমীতে বইমেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানে বইমেলার সাফল্য কামনা করে প্রধান অতিথি এম এ মালেক বলেন, বই আমাদের মনের অন্ধকার দূর করে। বই যে আলো দিতে পারবে, সেটি অন্য কোনো কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব নয়। আজকে যেটি সাহিত্য, ১০০ বছর পরে সেটি হবে ইতিহাস।
আবুল মোমেন বলেন, বইয়ের পাঠক ও ক্রেতা কমেছে, ইদানীং এ ধরনের একটি প্রচারণা রয়েছে। কিন্তু এটি পুরো সত্য নয়। ভালো বই ও আকর্ষণীয় বিপণন হলে এখনো বইয়ের অনেক ক্রেতা পাওয়া যায়। পাঁচ বছরে প্রথমার ২০৮টি বই প্রকাশ করাকে তিনি একটি বড় অর্জন বলেও উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ভূঁইয়া ইকবাল, গোলাম মুস্তাফা, মুজিব রহমান, অধ্যক্ষ আনোয়ারা আলম, কবি আলেক্স আলীম, ভাগ্যধন বড়ুয়া, শিল্পী লুৎফা সানজিদা, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ রাশেদসহ লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বইমেলা চলবে আগামী ২ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শুক্র ও শনিবার মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলায় ৩০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে। অন্যান্য দেশি বইয়ের ওপর ছাড় দেওয়া হচ্ছে ৭০ শতাংশ। এ ছাড়া ভারতীয় নতুন ও পুরোনো বইও বিক্রি হচ্ছে। ভারতীয় নতুন বই বিক্রির বেলায় এক রুপি সমান এক টাকা ৮০ পয়সা এবং পুরোনো বইয়ে এক রুপি সমান এক টাকা ধরা হচ্ছে।
চট্টগ্রামে মেলা চলাকালে জামালখানের সানমার স্প্রিং গার্ডেনে অবস্থিত প্রথমার চট্টগ্রাম বিক্রয় কেন্দ্রেও এ ছাড় পাওয়া যাবে।