চট্টগ্রামে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথমা প্রকাশনের বইমেলা। চট্টগ্রাম নগরের জামালখান ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য ইরশাদ কামাল খান। আগামীকাল বৃহস্পতিবার মেলা শেষ হবে।
মেলা উদ্বোধন করে ইরশাদ কামাল খান বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষের কারণে এখন দেশ-বিদেশের অনেক বই ইন্টারনেটে ই-বই আকারে পাওয়া যায়। কিন্তু তাতে করে ছাপানো বইয়ের কদর কমেনি। বরং যাঁদের বই পড়ার অভ্যাস আছে, তাঁরা এখনো বই বেশি কিনছেন।’
অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সচেতন মানুষ হিসেবে গড়ে উঠতে বই পড়ার বিকল্প নেই। আমরা চাই পাঠকেরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পড়ার অভ্যাস করবেন। এটা গড়ে উঠলে আমরা কুতর্কের জাতিতে পরিণত হওয়ার হাত থেকে রেহাই পাব।’
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আবসার নাহিদ, মাহমুদ হাসান, রশিদ আহমেদ চৌধুরী, রবাকা শমসের, জিল্লুর রহমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও হেড অব বিজনেস, চট্টগ্রাম আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে গতকাল দুপুর ১২টায় শুরু হওয়া মেলাটি রাত আটটা পর্যন্ত চলেছে। আজ ও আগামীকাল মেলা সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
বইমেলায় প্রথমার নিজস্ব প্রকাশনা ছাড়াও অন্য প্রকাশনী ও ভারতীয় বই পাওয়া যাচ্ছে। বিশেষ ছাড়ে এসব বই কেনা যাবে। প্রথমা প্রকাশনের বইয়ে থাকছে ৩০ শতাংশ ছাড়। অন্য প্রকাশনীর বইয়ে ছাড় দেওয়া হচ্ছে ২০ শতাংশ। এ ছাড়া ভারতীয় বই বিক্রি হচ্ছে এক রুপি সমান বাংলাদেশি মুদ্রায় এক টাকা ৮০ পয়সা হিসেবে।